স্টাফ রিপোর্টার ॥
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে জাতীয় কর্ম ও মননে সমুজ্জ্বল রাখার লক্ষ্যে ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভোলা সদর উপজেলা পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার আলোকে ভোলা সদর উপজেলা নজরুল বর্ষ বাস্তবায়ন কমিটি এ আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নজরুল বর্ষ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. রকিবুল হাসান। স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম।
ভোলা সদর উপজেলার দুটি কামিল ও দুটি ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা পাঁচটি বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিভাগগুলো ছিল নজরুলের ইসলামি সংগীত ও গজল, কবিতা আবৃত্তি, নজরুল রচিত হামদ ও নাত, ‘নজরুল ও মানুষের মুক্তি’ শীর্ষক রচনা এবং ‘শোষিত ও বঞ্চিত মানুষের কবি নজরুল’ শীর্ষক উপস্থিত বক্তৃতা।
নজরুলের ইসলামি সংগীত ও গজল বিভাগে প্রথম স্থান অর্জন করেন ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার ফাজিল তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসদিক আহমেদ তাজিম। দ্বিতীয় স্থান অর্জন করেন মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদরাসার ফাজিল তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদ আলম মুন্না এবং তৃতীয় হন ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ফাহিম।
কবিতা আবৃত্তি বিভাগে প্রথম স্থান অর্জন করেন মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান ফারাবি। দ্বিতীয় হন দক্ষিণ জামিরালতা ফাজিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ত্বহা এবং তৃতীয় স্থান অর্জন করেন ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী রাইসা।
নজরুল রচিত হামদ ও নাত বিভাগে প্রথম স্থান অর্জন করেন ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ফাহিম। দ্বিতীয় স্থান অর্জন করেন দক্ষিণ জামিরালতা ফাজিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ত্বহা। তৃতীয় হন মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী মাহমুদ আল মুন্না।
‘নজরুল ও মানুষের মুক্তি’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম। দ্বিতীয় হন মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী রাইসা।
অন্যদিকে, ‘শোষিত ও বঞ্চিত মানুষের কবি নজরুল’ শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মাহবুব আলম। দ্বিতীয় হন একই মাদরাসার অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানজিল আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেন ওই মাদরাসার অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মতিউর রহমান।
প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, ইসলামি চেতনা, মানবতাবোধ ও মুক্তির আদর্শ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নজরুলের জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে আরও আগ্রহী করে তুলবে। পাশাপাশি তাঁদের জ্ঞানচর্চা, সাংস্কৃতিক বিকাশ ও মানবিক মূল্যবোধ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ