ভোলার মনপুরায় জংলার খাল বাজারে তিন ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে সোলার ব্যাটারি, আইপিএস, পোশাক, কসমেটিকস ও ওষুধসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, চুরি যাওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫ হাজার টাকা।
বুধবার (২৮ অক্টোবর) সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা চুরির বিষয়টি দেখতে পান। উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জংলার খাল বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মোস্তাফিজুর রহমান (টেইলার্স ব্যবসায়ী), মো. রুবেল (মুদি ব্যবসায়ী) ও মো. নাছির আহম্মেদ কেরানি (মাছ ও ওষুধ ব্যবসায়ী)।
ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের টেইলার্সের দোকান থেকে দুটি সোলার ব্যাটারি, একটি আইপিএস, আনুমানিক ৫০ পিস লুঙ্গি, ৩৫ পিস থ্রিপিস ও তিন বক্স গেঞ্জি চুরি হয়েছে। তাঁর দাবি, চুরি যাওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
মুদি ব্যবসায়ী মো. রুবেলের দোকান থেকে একটি সোলার ব্যাটারি, একটি আইপিএস, কসমেটিকস ও বিভিন্ন যন্ত্রপাতি চুরি হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা।
অন্যদিকে, মাছ ও ওষুধ ব্যবসায়ী মো. নাছির আহম্মেদ কেরানির দোকান থেকে একটি সোলার ব্যাটারি ও কিছু ওষুধ চুরি হয়েছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
সকালে দোকান খুলে চুরির ঘটনা দেখতে পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হতবাক হয়ে পড়েন। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ