ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করছেন চেয়ারম্যান প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী শাহাদুল ইসলাম শাহিন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নির্বাচনী এলাকার শ্রী শ্রী জ্ঞানদায়িনী মন্দির ও কালীপেয়ারী মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নগদ অর্থ অনুদান প্রদান করেন।
মন্দির পরিদর্শনকালে শাহাদুল ইসলাম শাহিন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা ও নিরাপদ পরিবেশ বজায় রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়েও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
অনুষ্ঠানে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিএনপি নেতা ডা. রুহুল আমিন, আমিরুল ইসলাম লিটন, ফয়সাল পণ্ডিত ও হারুনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের মধ্যে হাজার খানেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ