ভোলায় ১১৮টি মণ্ডপে শুভ ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গো উৎসবের সূচনা
আশ্বিনের সন্ধ্যায় আলোয় আলোয় সেজে উঠেছে ভোলার মণ্ডপগুলো। বছর ঘুরে মা দুর্গার মর্ত্যে আগমন, তাই সনাতন ধর্মাবলম্বীদের আনন্দের যেন নেই কোনো সীমা। ষষ্ঠীর প্রদীপ জ্বলতেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। বাহারি সাজে পরিবার-পরিজন নিয়ে অংশ নিচ্ছেন সব বয়সের মানুষ।
উৎসবের শুভ সূচনা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ভোলার ওয়েস্টার্ন পাড়ার মিহির লাল সাহার মাঠে প্রদীপ প্রজ্বলন ও শুভ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. শামীম রহমান এবং জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর যৌথভাবে উৎসবের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহিদুল্লাহ কায়সার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ ও হুমায়ূন কবির সোপানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দর্শনার্থীরা বলছেন, সারাটি বছর এই চার-পাঁচটা দিনের জন্য অপেক্ষা করতে হয়। মা দুর্গা এসেছেন, চারদিকে আলোকসজ্জা আর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। খুব ভালো লাগছে তাদের।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, তারেক রহমানের স্পষ্ট নির্দেশ রয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান উৎসবে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলীয় প্রতিটি নেতাকর্মী মাঠে সোচ্চার ও সতর্ক রয়েছে।
জেলা প্রশাসক ড. শামীম রহমান জানান, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, আনসার, কোস্টগার্ড ও র্যাবের পাশাপাশি মাঠে নিয়োজিত রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এছাড়া মণ্ডপগুলোতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।
আনুষ্ঠানিকতা শেষে মিহির লাল সাহার মাঠে পরিবেশিত হয় নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও আবৃত্তিতে ফুটে ওঠে উৎসবের চিরায়ত আমেজ।
এক বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ভোলার প্রতিটি মণ্ডপে এখন শুধুই আনন্দের শিহরণ। সম্প্রীতির এই আবহে নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর যৌথ পদক্ষেপে আশ্বস্ত দর্শনার্থীরা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ