দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দুটি পরিবারের দৃষ্টি-প্রতিবন্ধী সদস্যদের জন্য আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌকিদার বাড়ি এবং চরপাতা ইউনিয়নের অসহায় পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল মতিন খান। সহায়তাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-ফজলু, জরিনা, ইব্রাহিম, সালমা, রাবেয়া, রাহিমা, মজনু দেবনাথ, বকুল দেবনাথ ও পিয়া। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী পেয়ে অসহায় পরিবারগুলোর সদস্যদের মুখে হাসি ফুটেছে।
সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কাজী জামাল প্রমুখ। এ উদ্যোগের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় পরিবারের সদস্যদের দুর্দশা লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর মানবিক প্রচেষ্টা তুলে ধরেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল মতিন খান বলেন, জেলা প্রশাসক স্যার বিষয়টি আমার নজরে এনেছেন। স্যারের নির্দেশনা পেয়ে আমি অন্ধ ব্যক্তিদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেই। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণসহ প্রতিমাসে নির্দিষ্ট সহযোগিতা প্রদান করা হবে। যেকোনো প্রয়োজনে প্রশাসনকে তারা সবসময় সাথে পাবেন। সমাজে বিত্তবানদের প্রতিও আমাদের অনুরোধ, আমরা যেন অসহায় মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ