আরিফুল ইসলাম রিয়াজ, ভোলার বাণী।। ভোলায় প্রায় ৩৭ হাজার বইয়ের সমৃদ্ধ সংগ্রহ নিয়ে পাঠকদের সেবা দিয়ে যাচ্ছে ভোলা গণগ্রন্থাগার। ১৯৮২ সালে ৩৩ শতাংশ জায়গার ওপর প্রতিষ্ঠিত এ গ্রন্থাগারে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন লেখকের বই, বিভিন্ন ভাষার বই, ম্যাগাজিন ও পত্রপত্রিকা। তবে জনবল সংকট, আধুনিকায়নের অভাব ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় ব্যাহত হচ্ছে পাঠকসেবা।
গ্রন্থাগার সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে প্রতিদিন অর্ধশতাধিক পাঠক বই পড়তে আসেন। শিশু থেকে শুরু করে যেকোনো বয়সের পাঠকের জন্য গ্রন্থাগারটি উন্মুক্ত। শিশুদের জন্য রয়েছে আলাদা পড়ার কক্ষ, চেয়ার ও টেবিলের ব্যবস্থা। পাঠকরা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ পান।
বর্তমানে গ্রন্থাগারটিতে একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ক্যাটালগার, একজন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ও একজন বুক সর্টার কর্মরত রয়েছেন। এ ছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করছেন দুজন। তবে লাইব্রেরিয়ান, ডেটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক ও নৈশপ্রহরীর পদ শূন্য রয়েছে। ফলে সীমিত জনবল দিয়ে গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
গ্রন্থাগারে বইয়ের সংগ্রহ থাকলেও পাঠকদের চাহিদা অনুযায়ী চাকরির প্রস্তুতিমূলক বইয়ের সংখ্যা বাড়ানোর দাবি রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে পড়াশোনা অব্যাহত রাখতে আইপিএসের ব্যবস্থা করার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন পাঠকরা। তাঁদের মতে, এসব সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা আরও বেশি উপকৃত হবেন।
গ্রন্থাগারটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ। নির্ধারিত সময়ের মধ্যে পাঠকরা এখানে এসে বই ও পত্রপত্রিকা পড়তে পারেন।
ভোলা গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মোঃ মাসুদ রানা বলেন, গ্রন্থাগারটিতে জনবল সংকট রয়েছে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়ন প্রয়োজন। প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং সুযোগ-সুবিধা বাড়ানো গেলে পাঠকদের আরও ভালো সেবা দেওয়া সম্ভব হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ভোলা গণগ্রন্থাগারকে আরও পাঠকবান্ধব করে গড়ে তোলা হবে। এতে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও সাধারণ পাঠকদের জ্ঞানচর্চার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ