বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের জাতীয় নির্বাহী পরিষদের সভায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ সকল স্তরের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং তাঁদের অন্যান্য জরুরি সমস্যা সমাধানের লক্ষ্যে একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর মহাখালীতে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা চলাকালে মাননীয় শিক্ষামন্ত্রী সংগঠনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের মোবাইল ফোনের মাধ্যমে সভার মাইকে যুক্ত হন। শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও চাকরি জাতীয়করণের দাবিসংক্রান্ত আলোচনার মধ্যে তাঁর এ সংযুক্তি সভায় বিশেষ গুরুত্ব বহন করে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আবু জাফর খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহিদুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক আলহাজ্ব মাওলানা কবি রুহুল আমিন খান।
সংগঠনের মহাসচিব আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা সাব্বির আহমেদ মোমতাজী সাহেব সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।
সভায় বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের জাতীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম নির্বাহী পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আবু জাফর খানকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের জাতীয় নির্বাহী পরিষদের সন্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ সকল স্তরের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের জরুরি সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এসব দাবি আদায়ে ধারাবাহিক সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচিগুলো হলো—
১.চলতি মাসেই শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ তাঁদের ন্যায্য দাবিগুলো তুলে ধরতে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির সাক্ষাতের উদ্যোগ গ্রহণ।
২. আগামী মাসে শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, শিক্ষা প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সম্পৃক্ত করে ঢাকায় সমাবেশ আয়োজন।
৩. জেলা ও বিভাগীয় পর্যায়ে শিক্ষক সমাবেশ: শিক্ষক-কর্মচারীদের ঐক্য সুদৃঢ় করা, জাতীয়করণের দাবিতে জনমত গঠন এবং তাঁদের পেশাগত সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরতে পর্যায়ক্রমে জেলা ও বিভাগীয় পর্যায়ে শিক্ষক সমাবেশ আয়োজন।
সভায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে সংগঠনের সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ সব স্তরের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ