ভোলায় তরুণ উদ্যোক্তা, ওস্তাদ ও শিক্ষানবিশ নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘রেইজ’ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ সভার আয়োজন করে।
মঙ্গলবার জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জিজেইউএসের পরিচালক (মনিটরিং ও ইন্টারনাল ট্রেনিং) হুমায়ুন কবীর।
সভায় বক্তব্য দেন জিজেইউএসের অতিরিক্ত পরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন মো. জাহিদুর রহমান, জেইউটিটিআইয়ের অধ্যক্ষ সাধন কুমার পাল এবং প্রকল্প ব্যবস্থাপনা কর্মকর্তা শারমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএসের শাখা ইনচার্জ মনি মুক্তা, নাজিম উদ্দীন, প্রকল্প কর্মকর্তা পঙ্কজ কুমার সরকার ও খোকন মিয়া। সভাটি সঞ্চালনা করেন আতিফা মিম।
সভায় বক্তারা রেইজ প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে তরুণ উদ্যোক্তা, ওস্তাদ ও শিক্ষানবিশ নির্বাচনের প্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা এবং প্রকল্পের আওতায় সংশ্লিষ্টদের সুযোগ-সুবিধা সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ এবং বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ ওস্তাদের সঙ্গে শিক্ষানবিশদের সম্পৃক্ত করে হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা রেইজ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। সংশ্লিষ্টরা তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তরুণ উদ্যোক্তা, ওস্তাদ ও শিক্ষানবিশ নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ