ভোলা প্রতিনিধি
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, ভোলার আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, ভোলার সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতা ও সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা ও পেশাগত দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেও শিক্ষকদের ভূমিকা রয়েছে।
বক্তারা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রসঙ্গত, শিক্ষকদের অবদান ও মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষা ও শিক্ষকতা পেশার বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ