ভোলা প্রতিনিধি
ভোলায় জেন্ডারভিত্তিক সহিংসতা (Gender Based Violence—GBV) বিষয়ে নার্স ও পরিসংখ্যানবিদদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে সহিংসতার শিকার ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সঠিকভাবে নথিভুক্তকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোলা সিভিল সার্জন কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে করণীয়, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, তথ্য নথিভুক্তকরণ এবং সংশ্লিষ্ট বিষয়ে স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সহিংসতার ঘটনা শনাক্ত ও এ-সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম। এতে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. তৈয়বুর রহমানসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের নার্স ও পরিসংখ্যানবিদরা অংশ নেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জেন্ডারভিত্তিক সহিংসতার ঘটনায় স্বাস্থ্যসেবা প্রদান ও তথ্য ব্যবস্থাপনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ