অনলাইন ডেক্স
রাত বাড়ে, কাঁচপুর ফেরিঘাটে আলো জ্বলে থাকে। ভোলার উদ্দেশে পণ্যবোঝাই ট্রাক নিয়ে ফেরি ছাড়ার অপেক্ষা করেন চালকেরা। নদীর ওপারে যাওয়ার এই নতুন পথটি তাঁদের কাছে ছিল স্বস্তির খবর। সড়কপথের দীর্ঘ যাত্রা, জ্বালানি খরচ ও অতিরিক্ত ব্যয়ের বদলে ফেরিতে সরাসরি ভোলায় পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেই আশার পথেই এখন দেখা দিয়েছে অন্য এক সংকট। যাত্রী ও যানবাহনের প্রত্যাশিত চাপ না থাকায় অনেক সময় গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও পূর্ণ সক্ষমতায় ছাড়তে পারছে না সরকারি ফেরি।
ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগে আরও সহজ ও সাশ্রয়ী করতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ফেরিঘাট থেকে ভোলার ইলিশা রুটে চালু করা হয়েছে ‘ঢাকা-ইলিশা ফেরি সার্ভিস’। সরকারি ব্যবস্থাপনায় ‘বেগম রোকেয়া’ ও ‘বেগম সুফিয়া কামাল’ নামের দুটি ফেরি এই রুটে মূলত মালবাহী যানবাহন পারাপার করছে। তবে উদ্বোধনের পর থেকেই প্রত্যাশিত সংখ্যায় যানবাহন না পাওয়ায় নতুন এই রুটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের ভাষ্য, একই পথে চলাচল করা বেসরকারি মালিকানাধীন ‘কার্নিভাল ক্রুজ’-এর দুটি ফেরি এর অন্যতম কারণ। তাঁদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার তুলনায় কম ভাড়া নেওয়ার কারণে ওই ফেরিগুলোর দিকে যানবাহন বেশি যাচ্ছে। তবে এই অভিযোগের বিষয়ে কার্নিভাল ক্রুজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত ৮ সেপ্টেম্বর কাঁচপুর ফেরিঘাট এলাকায় ‘ঢাকা-ইলিশা ফেরি সার্ভিসের’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়। ফলে নতুন এই ফেরি সার্ভিসকে শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং দ্বীপ জেলা ভোলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট কমানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
কিন্তু বাস্তবতার চিত্র কিছুটা ভিন্ন।
কাঁচপুর ফেরিঘাট এলাকায় দায়িত্ব পালন করা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘বেগম রোকেয়া’ ও ‘বেগম সুফিয়া কামাল’ ফেরি প্রতিটিতে সর্বোচ্চ ১৫টি মালবাহী ট্রাক পরিবহনের সক্ষমতা রয়েছে। অথচ বর্তমানে অধিকাংশ রাতে ভোলার উদ্দেশে ১০ থেকে ১৫টি গাড়ি নিয়ে ফেরি ছাড়ছে। অনেক দিনই প্রত্যাশিত সংখ্যক যানবাহন না পাওয়ায় নির্ধারিত সময়ের পরও ফেরি ছাড়তে হচ্ছে।
বিআইডব্লিউটিসির সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ফেরিঘাটের সিকিউরিটি অফিসার রিপন মিয়া বলেন, ‘আমাদের এখানে গাড়ির চাপ কম রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে একই পথে কার্নিভাল ক্রুজের দুটি ফেরি চলাচল করে। ব্যক্তি মালিকানার ওই ফেরিগুলো কাগজে-কলমে নির্ধারিত ভাড়া আদায়ের কথা বললেও গোপনে তারা চালকদের কাছে কম ভাড়া নিচ্ছেন। এতে আমরা গাড়ি কম পাচ্ছি।’
বিআইডব্লিউটিসির পল্টন-৭-এর সিদ্ধিরগঞ্জ জোনের ইনচার্জ মো. রেজাউল করিমও একই ধরনের তথ্য দিয়েছেন। তাঁর ভাষ্য, উদ্বোধনের পর থেকেই ইলিশার উদ্দেশে নিয়মিত দুটি ফেরি চালানোর চেষ্টা করা হচ্ছে। সাধারণত রাত ১০টার পর ফেরি ছাড়ার কথা থাকলেও যানবাহন স্বল্পতার কারণে অনেক সময় গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। কাঁচপুর থেকে ইলিশা পৌঁছাতে সময় লাগছে প্রায় সাত থেকে আট ঘণ্টা।
রেজাউল করিম বলেন, গাড়ি কিংবা যাত্রী কম পাওয়ার পেছনে ব্যক্তি মালিকানাধীন কার্নিভাল ক্রুজকে অন্যতম বাধা হিসেবে দেখছেন তাঁরা।
তবে এই রুটে সরকারি ফেরির ভাড়া তুলনামূলক কম হওয়ায় চালকদের একটি অংশ সন্তুষ্ট বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, কাঁচপুর থেকে ইলিশা রুটে ১০ চাকার গাড়ির ভাড়া ২৫ হাজার টাকা। ৮ থেকে ১১ টন ওজনের বড় ট্রাকের ভাড়া ১৬ হাজার টাকা, ৫ থেকে ৮ টনের ট্রাকের ভাড়া ১৪ হাজার ৬০০ টাকা এবং ৩ থেকে ৫ টনের ট্রাকের ভাড়া ১২ হাজার টাকা। মাইক্রোবাসের জন্য ৯ হাজার টাকা, এক টন ওজনের মাইক্রোবাসের জন্য ৭ হাজার টাকা, মোটরসাইকেলের জন্য ১ হাজার টাকা এবং যাত্রীর জন্য ৩৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
মালবাহী ট্রাকচালক সালাহউদ্দিন বলেন, নতুন এই ফেরি সার্ভিস চালু হওয়ায় তাঁদের যাতায়াতে সুবিধা হয়েছে। তাঁর ভাষ্য, সড়কপথে ভোলায় যেতে যে ব্যয় হতো, ফেরিতে যাওয়ায় তার তুলনায় খরচ কম হচ্ছে। নতুন রুট হওয়ায় এখনো যানবাহনের চাপ কম থাকলেও পণ্য নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে।
কাঁচপুর এলাকার বাসিন্দা রহমান আলীও ফেরি সার্ভিস চালুর সুফলের কথা জানিয়েছেন। তাঁর মতে, ফেরিতে সরাসরি ভোলায় যাওয়া গেলে গাড়ির জ্বালানি খরচ কমে এবং চালকদের সময় ও অর্থ—দুই-ই সাশ্রয় হয়। কয়েকজন চালকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, অন্য পথে ভোলায় যাওয়ার তুলনায় ফেরিতে তাঁদের ব্যয় অনেকটাই কম হচ্ছে।
তবে সরকারি ফেরি সার্ভিসের সামনে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যাত্রী ও যানবাহনের ধারাবাহিক চাপ তৈরি করা। একটি সরকারি পরিবহন ব্যবস্থা চালুর পর তার সক্ষমতা অনুযায়ী যানবাহন না পাওয়া শুধু পরিচালনাগত সমস্যা নয়, দীর্ঘমেয়াদে এর আর্থিক কার্যকারিতার ওপরও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভোলার মতো নদীবেষ্টিত একটি জেলার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সহজ করার যে লক্ষ্য নিয়ে এই রুট চালু করা হয়েছে, সেই লক্ষ্য পূরণে নিয়মিত ও পর্যাপ্ত যানবাহন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
বিআইডব্লিউটিসি নারায়ণগঞ্জের অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্বদেশ প্রসাদ মন্ডল বলেন, এই রুটে ফেরি চলাচল করছে। তবে ব্যক্তি মালিকানাধীন ফেরির কারণে সরকারি ফেরিতে যানবাহনের চাপ কম হচ্ছে—এটি সঠিক।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি নারায়ণগঞ্জের এজিএম আব্দুল আলীমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে, কার্নিভাল ক্রুজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভোলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা—দেশের মূল ভূখণ্ডের সঙ্গে দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী যোগাযোগ। সেই প্রত্যাশা থেকেই ঢাকা-ইলিশা ফেরি সার্ভিসকে ঘিরে তৈরি হয়েছিল নতুন স্বপ্ন। কাঁচপুরের ঘাটে এখন সেই স্বপ্নের ফেরিগুলো নিয়মিতই নদী পাড়ি দিচ্ছে। কিন্তু পর্যাপ্ত যানবাহন ছাড়া অর্ধেক খালি ফেরি যখন গভীর রাতে ইলিশার দিকে ছুটে যায়, তখন প্রশ্ন ওঠে—নতুন এই যোগাযোগপথ কি সত্যিই তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারছে?
উত্তরটি নির্ভর করছে শুধু ফেরি চলাচলের ওপর নয়; বরং একই রুটে চলাচলকারী সরকারি ও বেসরকারি নৌযানের মধ্যে ভাড়া, প্রতিযোগিতা ও পরিচালন ব্যবস্থায় কতটা স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করা যাচ্ছে, তার ওপরও।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ