স্টাফ রিপোর্টার :
ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর), পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) এবং পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
‘শিক্ষা সুরক্ষা: গ্রামীণ বাংলাদেশে কমিউনিটিনির্ভর শিক্ষা প্রসার কর্মসূচি’র আওতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ কর্মসূচির আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাদিস ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন। এতে বক্তব্য দেন সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার।
ওরিয়েন্টেশন পরিচালনা করেন পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য পরিদর্শক আখতার জাহান এবং জিজেইউএসের প্যারামেডিক রেবেকুন নাহার ইয়াসমিন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা মো. কামরুজ্জামান ও ইসমাইল জবিউল্লাহ।
আয়োজকেরা জানান, কিশোরী ক্লাবের সদস্যদের বয়সোপযোগী ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, স্যানিটেশন, পুষ্টি এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতন করাই ছিল ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য।
‘শিক্ষা সুরক্ষা’ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ এলাকার কিশোর-কিশোরীদের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টি ও সুরক্ষাসংক্রান্ত তথ্যের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান আয়োজকেরা।
তাদের আশা, কিশোরী ক্লাবভিত্তিক এ ধরনের কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পুষ্টি ও ব্যক্তিগত সুরক্ষা বিষয়ে কিশোরীদের সচেতনতা বাড়বে এবং নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে তাদের ধারণা আরও স্পষ্ট হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ