মোঃ আরিফ, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার কুতুবগঞ্জ মাজিদিয়া দাখিল মাদরাসায় ছুটির দিনে টেবিল, চেয়ার ও হাই বেঞ্চ বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদরাসার কম্পিউটার শিক্ষক মো. জাহাঙ্গীর ও লাইব্রেরিয়ান মো. মহিবুলের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ব্যবস্থাপনা কমিটিকে না জানানোর অভিযোগ করেছেন ইবতেদায়ি শাখার প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হলে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুর নবীকে। সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি মাদরাসায় গিয়ে সরেজমিন তদন্ত করেন।
ইবতেদায়ি শাখার প্রধান শিক্ষকের লিখিত অভিযোগে বলা হয়েছে, মাদরাসার ব্যবস্থাপনা কমিটিকে অবহিত না করে মাদরাসা বন্ধের দিনে টেবিল, চেয়ার ও হাই বেঞ্চ বিক্রি করা হয়েছে। একই সঙ্গে সরকারি বিধিবিধান না মেনে সুপার ও অফিস সহকারীর কক্ষ ভবনের নিচতলায় এবং শিক্ষকদের অফিস কক্ষ দোতলায় স্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। এতে মাদরাসা পরিচালনায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগকারীর দাবি।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত কম্পিউটার শিক্ষক মো. জাহাঙ্গীর ও লাইব্রেরিয়ান মো. মহিবুল বলেন, পুরোনো টেবিল ও হাই বেঞ্চ বিক্রির জন্য মাদরাসার সুপার মাহাবুবা আক্তার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন। কমিটির প্রধান করা হয় সহ-সুপার মাওলানা জামাল উদ্দিনকে। তারা দুজনও ওই কমিটির সদস্য ছিলেন বলে দাবি করেন।
লাইব্রেরিয়ান মো. মহিবুল বলেন, ৩৪টি হাই বেঞ্চ ১ হাজার ৫ টাকা করে এবং চারটি টেবিল ৭০০ টাকা করে বিক্রি করা হয়েছে। এগুলো বিক্রির জন্য কমিটি করা হয়েছিল। এর বাইরে তারা কিছু জানেন না।
তবে সহ-সুপার মাওলানা জামাল উদ্দিন বলেন, তিনি টেবিল ও হাই বেঞ্চ বিক্রির ব্যবস্থাপনা কমিটির প্রধান ছিলেন। তাঁর দাবি, তাঁকে না জানিয়ে দুই শিক্ষক ছুটির দিনে এসব সামগ্রী বিক্রি করে দেন।
মাদরাসার সুপার মাহাবুবা আক্তার বলেন, তিনি মানসিকভাবে ভালো নেই। এ কারণে টেবিল ও হাই বেঞ্চ বিক্রির বিষয়ে সহ-সুপারসহ কয়েকজন শিক্ষককে দায়িত্ব দিয়েছিলেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তা মো. নুর নবী বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।
অভিযোগের সত্যতা এবং বিক্রির প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই স্পষ্ট হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ