রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬-এর র্যালিতে দ্বীপজেলা ভোলার জলবায়ু ঝুঁকি ও নদীভাঙন মোকাবিলায় ভোলাবাসীর দাবি তুলে ধরেছেন ভোলার সন্তান ও জাতীয় পর্যায়ের যুব সংগঠক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)। ভোলার নদীভাঙন মোকাবিলায় সরকারের চলমান প্রচেষ্টার পাশাপাশি মেঘনা ও তেঁতুলিয়ার তীর সংরক্ষণে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও কারিগরি সহযোগিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকায় আয়োজিত র্যালিতে তিনি ভোলার নদীভাঙন মোকাবিলায় সরকারের চলমান প্রচেষ্টার পাশাপাশি মেঘনা ও তেঁতুলিয়ার তীর সংরক্ষণে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও কারিগরি সহযোগিতার দাবি জানিয়েছেন। এসময় জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদীভাঙন ও উপকূলীয় ঝুঁকিতে থাকা ভোলার মানুষের নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষায় দীর্ঘমেয়াদি ও টেকসই উদ্যোগ গ্রহণে আন্তর্জাতিক সহায়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, ভোলার নদীভাঙন রোধে বর্তমান সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। তবে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরে স্থায়ী সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করতে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলে দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, ভোলা বাংলাদেশের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দ্বীপ জেলা। নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছরই এখানকার মানুষ বসতভিটা, কৃষিজমি ও জীবিকার ওপর নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছেন। মেঘনা ও তেঁতুলিয়ার তীর সংরক্ষণে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে জাতীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও কারিগরি সহযোগিতা প্রয়োজন।বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬-এর র্যালিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা তরুণ প্রতিনিধিরা নিজ নিজ এলাকার জলবায়ু সংকট, স্থানীয় বাস্তবতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এতে জলবায়ু ন্যায়বিচার, স্থানীয় জনগোষ্ঠীর অধিকার এবং তরুণদের অর্থবহ অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়। ভোলার যুব ও সামাজিক সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬-এর পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা, যুব সম্পৃক্ততা ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে আসছে। বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬-এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের স্থানীয় জলবায়ু সংকট ও দাবিগুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ