রফসান জনী, ভোলা
ভোলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর অভিমান করে যক্ষ্মা রোগের ওষুধ অতিরিক্ত সেবনের অভিযোগে সুমাইয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভোলা থেকে বরিশালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত সুমাইয়া ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি রোডের আমতলা এলাকার মোহাম্মদ কামালের মেয়ে। তিনি মোহাম্মদ হাসিবের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পরিবারের বরাতে জানা গেছে, শুক্রবার সুমাইয়ার সঙ্গে তাঁর শাশুড়ির ঝগড়া হয়। পরে অভিমান করে তিনি স্বামীর যক্ষ্মার চিকিৎসার জন্য রাখা ওষুধ থেকে একসঙ্গে ছয় থেকে সাতটি ট্যাবলেট সেবন করেন বলে অভিযোগ রয়েছে।
এরপর রাত ৮টার দিকে সুমাইয়া অসুস্থ হয়ে পড়লে তাঁর স্বামী তাঁকে দ্রুত ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মহিলা মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পরামর্শ দেন। পরে বরিশালের উদ্দেশে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পরে সুমাইয়ার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার বিষয়ে সুমাইয়ার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ