ভোলার লালমোহনে ‘লালমোহন বীর বিক্রম মেজর হাফিজ স্টেডিয়াম’ নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক সরেজমিনে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি স্টেডিয়াম নির্মাণের জন্য নির্ধারিত ও সম্ভাব্য বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্টেডিয়াম নির্মাণের উপযোগিতা, স্থান নির্বাচন, মাঠের আয়তন ও অবকাঠামোগত বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন ইউএনও। সম্ভাব্য স্থানগুলোর বাস্তব পরিস্থিতিও পর্যালোচনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লালমোহনে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনের সুযোগ-সুবিধা বাড়ানো এবং তরুণদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সম্ভাব্য স্থান পরিদর্শনের মধ্য দিয়ে স্টেডিয়াম নির্মাণের প্রাথমিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ