মোঃ সোহেল রানা, ভোলা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি এক দিনের সফরে ভোলায় এসেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি ভোলা সার্কিট হাউসে অবস্থান নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। জেলা প্রশাসক ডা. শামিম রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ প্রতিরোধ ও দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন জীবনযাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সফরসূচি অনুযায়ী, বুধবার সন্ধ্যায় ভোলা সার্কিট হাউসে জেলা ও উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর। রাতে তিনি ভোলায় অবস্থান করবেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় স্পিডবোটযোগে ভোলা থেকে বরিশালের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
পরে বিকেল ৪টায় বরিশালে জেলা ও উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ