রাফসান জানি :
ভোলার বোরহানউদ্দিনে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার ৫০০ টাকা জব্দ করেছে পুলিশ। এ সময় মো. বাবুল গাজী (৩৪) ও মো. ইলিয়াছ (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় মানিকা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) হুসাইন মো. জুয়েল শেখের নেতৃত্বে পুলিশের একটি দল বড় মানিকা বাজারের মেসার্স মা-বাবার দোয়া ফার্নিচার দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় বাবুল গাজী ও ইলিয়াছকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার বাবুল গাজী দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এবং ইলিয়াছ একই উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ আরও জানায়, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোরহানউদ্দিন থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ