শিক্ষায় আধুনিকীকরণ, শাস্তির ধরন ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি কলেজের নানামুখী সমস্যা ও সমাধান নিয়ে ভোলা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ মতবিনিময় সভা।
স্বচ্ছ ও আধুনিক শিক্ষাকার্যক্রম নিশ্চিতে কলেজের অডিটোরিয়ামে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন অধ্যক্ষ ভোলা সরকারি মহিলা কলেজ।
সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আ আ মোঃ হারুনুর রশিদ-এর সভাপতিত্বে এবং প্রভাষক কাউসার হামিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম।
শিক্ষকরা বলেন, শিক্ষায় আধুনিকীকরণ ও গুণগত মান নিশ্চিত করতে হলে ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে জরুরি। আমরা চাই শ্রেণিকক্ষে কেবল বইয়ের পড়াশোনা নয়, বরং একটি সৃজনশীল ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ গড়ে উঠুক। ভোলা সরকারি মহিলা কলেজকে শিক্ষার আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে আমরা সব ধরণের আধুনিক পদক্ষেপ গ্রহণ করব।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষায় আধুনিকীকরণ ও সঠিক পরিবেশ পাওয়ার ক্ষেত্রে আমরা কী কী অসুবিধার মুখোমুখি হচ্ছি, তা শিক্ষকদের জানাতে পেরেছি।
মুক্ত আলোচনা পর্বে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ, অবকাঠামো ও একাডেমিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। শিক্ষা পরিবেশ উন্নত করতে নিজেদের নানান দাবি ও প্রত্যাশার কথা সরাসরি শিক্ষকদের সামনে প্রকাশ করেন ছাত্রীরা।
অন্যদিকে, শিক্ষকরাও শিক্ষার্থীদের এসব চাওয়া-পাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ