বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বকুলতলা বাজারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যালয়টির শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ভোলা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাঈলের উদ্যোগে এ কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ভোলা জেলা আহ্বায়ক মানস ঘোষ শান্ত, সাধারণ সম্পাদক মো. হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিবপুর ইউনিয়নকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ একটি এলাকা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা কাজ করবেন।
তারা আরও বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। তাই প্রতিহিংসা, সহিংসতা ও বিভাজনের রাজনীতি পরিহার করে সুস্থধারার, ইতিবাচক ও জনকল্যাণমুখী রাজনীতি চর্চা করতে হবে। তরুণদের নেতৃত্বে এনে তাদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে। নতুন কার্যালয়টি শিবপুর ইউনিয়নে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, শিক্ষার্থী ও তরুণ সমাজের সফলতা এবং মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ