ভোলাবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর বহুল প্রত্যাশিত ভোলা-বরিশাল সেতু নির্মাণের স্বপ্ন দেখেছিলেন জেলার প্রায় ৩০ লাখ মানুষ। এই সেতু বাস্তবায়িত হলে ভোলা সরাসরি দেশের মূল ভূখণ্ডের সড়ক যোগাযোগের সঙ্গে যুক্ত হবে এমন প্রত্যাশায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ভোলার মানুষ।
কিন্তু এখন সেই সেতুর পরিবর্তে হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা সংযোগে মহাসড়ক নির্মাণের পরিকল্পনা সামনে আসায় নতুন করে হতাশা দেখা দিয়েছে। ভোলাবাসীর প্রশ্ন, দীর্ঘ আন্দোলনের পর সেতুর জন্য যে দাবি ও প্রত্যাশা তৈরি হয়েছিল, সেটি কি এখন অন্য একটি প্রকল্পের আড়ালে চাপা পড়ে যাচ্ছে?
ভোলা একটি দ্বীপজেলা। দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় এখানকার মানুষের যাতায়াত, পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরেই বাড়তি দুর্ভোগ রয়েছে। তাই ভোলা-বরিশাল সেতুকে শুধু একটি যোগাযোগ প্রকল্প নয়, বরং ভোলার সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে দেখছেন স্থানীয়রা।
অন্যদিকে মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নম্বর শ্রীপুর ইউনিয়নও মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। সড়ক যোগাযোগের অভাবে এখানকার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়দের আশঙ্কা, ভোলা-বরিশাল সেতু নির্মাণ না হলে শ্রীপুরবাসীরও সরাসরি সড়ক যোগাযোগের স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়বে।
শ্রীপুর মহিষা ওয়াহিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শিহাব উদ্দিন বলেন, ভোলা-বরিশাল সেতু হলে শ্রীপুরবাসীর যাতায়াতের সুযোগ বাড়ত। মেহেন্দিগঞ্জের সঙ্গে শ্রীপুরের সরাসরি যোগাযোগ না থাকায় অন্য কোনো সড়ক পরিকল্পনায় শ্রীপুর যুক্ত না হলে তারা প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
শ্রীপুর ইউনিয়নের সাবেক বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজ হাওলাদারও ভোলা-বরিশাল সেতুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার মতে, সেতু নির্মাণ হলে শ্রীপুরসহ ভোলার মানুষের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসত।
স্থানীয়দের দাবি, ভোলা-বরিশাল সেতুর দাবিকে পাশ কাটিয়ে কোনো বিকল্প প্রকল্প দিয়ে ভোলার দীর্ঘদিনের যোগাযোগ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত করতে ভোলা-বরিশাল সেতুই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি সমাধান।
তাদের প্রশ্ন, বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগের প্রয়োজনীয়তা থাকলেও বরিশাল তো নিজেই বিভাগের প্রশাসনিক কেন্দ্র। তাহলে ভোলার প্রায় ৩০ লাখ মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সরাসরি সেতু নির্মাণের উদ্যোগ না নিয়ে কেন ভিন্ন পথে যোগাযোগ অবকাঠামো পরিকল্পনা করা হচ্ছে?
ভোলাবাসীর প্রত্যাশা, কোনো বিকল্প পরিকল্পনার কারণে ভোলা-বরিশাল সেতুর দীর্ঘদিনের দাবি যেন থেমে না যায়। বরং সেতু নির্মাণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সংযোগ সড়ক ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ভোলাকে দ্রুত দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে।
ভোলাবাসীর দাবি স্পষ্ট বিকল্প নয়, বাস্তবায়ন করতে হবে বহুল প্রত্যাশিত ভোলা-বরিশাল সেতু।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ