ভোলা-ঢাকা নৌপথে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে পরীক্ষামূলকভাবে ‘বেগম রোকেয়া’ নামের একটি ফেরি ১৩টি ট্রাক নিয়ে ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
বিআইডব্লিউটিসির ডিজিএম মুহাম্মদ তানভীর হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পরীক্ষামূলক এই যাত্রায় অংশ নেয়। দুপুর ১টার দিকে ফেরিটি ইলিশা ঘাট ছাড়ে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক চলাচলের সময় ফেরির রুটের নাব্যতা, দূরত্ব, যাতায়াতে প্রয়োজনীয় সময় এবং ঢাকায় কোন ঘাটে ফেরিটি ভেড়ানো সুবিধাজনক হবে—এসব বিষয় পর্যালোচনা করা হবে। সাত দিন পরীক্ষামূলক চলাচলের পর এ বিষয়ে একটি চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। একই সঙ্গে সম্ভাব্য ভাড়াও নির্ধারণ করবে সংশ্লিষ্ট কমিটি।
পরীক্ষামূলক ফেরির দায়িত্বে থাকা ব্যবস্থাপক কাওসার আহমেদ বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ভোলা-ঢাকা রুটে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিআইডব্লিউটিসি এ জন্য নতুন ফেরি তৈরি করেছে। ঘাট পরিদর্শনসহ রুটের দূরত্ব ও সময় নির্ধারণের কাজও করা হয়েছে। পরীক্ষামূলক কার্যক্রম শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঁচ সদস্যের কমিটিতে আরও রয়েছেন সহকারী মহাব্যবস্থাপক খান মো. জাফর খান, নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মাওলা, উপপরিচালক মাসুদুল হক এবং ব্যবস্থাপক মো. আল-আমিন।
ভোলা স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক হাসিব রহমান বলেন, ভোলা-ঢাকা রুটে ফেরি চালুর দাবি দীর্ঘদিনের। সরকারি উদ্যোগে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হওয়াকে তিনি ‘যুগান্তকারী সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেন।
এদিকে ভোলা-ঢাকা নৌপথে প্রায় তিন বছর আগে ব্যক্তি মালিকানায় যাত্রীবাহী ফেরি ‘কার্নিভাল ক্রুজ’ চালু হয়। ভোলা স্বার্থ রক্ষা কমিটির নেতাদের অভিযোগ, ওই ফেরিতে বর্তমানে নিয়মনীতি উপেক্ষা করে গ্যাসের ট্যাংকার বহন করা হচ্ছে। তাদের দাবি, প্রতিদিন সেখানে প্রায় ১২টি গ্যাসবাহী গাড়ি পারাপার করা হয়। তবে বিআইডব্লিউটিসির ‘বেগম রোকেয়া’ ফেরিতে একসঙ্গে কমপক্ষে ২৫টি গাড়ি পরিবহনের সুযোগ থাকবে।
সরকারি ফেরি পরীক্ষামূলকভাবে চালুর খবরে পরিবহন মালিক সমিতির নেতারাও সন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, নিয়মিত ফেরি সার্ভিস চালু হলে ভোলা থেকে রাজধানীতে পণ্য পরিবহন আরও সহজ ও নির্ভরযোগ্য হবে।
এর আগে দীর্ঘ দাবির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে ভোলার ইলিশা-লক্ষ্মীপুর নৌপথে প্রথম ফেরি সার্ভিস চালু হয়। বর্তমানে ওই রুটে পাঁচটি ফেরি চলাচল করছে।
ভোলা-ঢাকা রুটে পরীক্ষামূলক এই ফেরি চলাচল সফল হলে দ্বীপজেলা ভোলার সঙ্গে রাজধানীর সরাসরি সড়কপথে পণ্য পরিবহনের সুযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ