নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে অগ্রগতির দাবি করেছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনে নেট মিটারিং পদ্ধতির মাধ্যমে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। একই সময়ে বিদ্যুৎ বিভাগের কর্মপরিকল্পনার শতভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৯০ দশমিক ৫৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি প্রকাশিত বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, দুই বিভাগের সম্মিলিত কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি ৯৫ দশমিক ২৮ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, বিদ্যুৎ খাতের সক্ষমতা ও গ্রিডের স্থিতিশীলতা বাড়াতে ঈশ্বরদী ও ভুলতা উপকেন্দ্রে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬–২০৩০)’ প্রণয়ন করা হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানির পরিধি বাড়াতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং অফশোর উইন্ড পাওয়ার নিয়ে পৃথক গাইডলাইনও চূড়ান্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে।
এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় সাতটি নতুন কূপ খনন এবং চারটি কূপ সংস্কারের কাজ শেষ হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে প্রতিদিন অতিরিক্ত ৩২ দশমিক ০২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায়ও অগ্রগতির কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ মাসে সিস্টেম লস কমিয়ে ৭ দশমিক ১৮ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
গ্যাস ও জ্বালানি অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণের উদ্যোগ অনুমোদন পেয়েছে। একই সঙ্গে ভোলার গ্যাস দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করতে বাস্তবায়নাধীন প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের এসব উদ্যোগের মধ্যে সৌরবিদ্যুৎ সংযোজন, গ্যাস উৎপাদন বৃদ্ধি, গ্রিড স্থিতিশীলতা এবং এলএনজি অবকাঠামো উন্নয়নকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে তুলে ধরা হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ