আরিফুল ইসলাম রিয়াজ, দৈনিক ভোলার বাণী
‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২, ২০২৬’-এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে সামনে রেখে ভোলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৫ আগস্ট) ভোলা সদর উপজেলার চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ সময় শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্দেশ্য, অংশগ্রহণের সুযোগ এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
প্রচার-প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ভোলা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাপাতুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
আয়োজকরা বলেন, শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে থাকা প্রতিভা খুঁজে বের করার সুযোগ তৈরি করবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোলা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাপাতুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে পর্যায়ক্রমে ভোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ