স্টাফ রিপোর্টার :
ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ২৯৬ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোলা সদর উপজেলার ১১ নম্বর ভেদুরিয়া ইউনিয়ন পরিষদে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় আয়োজিত ক্যাম্পে স্থানীয় ২৯৬ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ