সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।
সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির পাশাপাশি হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের ভাতা এবং শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা প্রথমে ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
তবে মাঠপর্যায়ের কর্মকর্তা ও আবেদনকারীদের কাছ থেকে সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা জানা যায়। এসব কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনেক আবেদনকারী আবেদন সম্পন্ন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময়সীমা আরও ১৬ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
ভোলার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে আগে জারি করা অনলাইন আবেদনসংক্রান্ত অন্যান্য নির্দেশনা ও শর্তাবলি বহাল থাকবে।
আগ্রহী ও যোগ্য আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে।
অনলাইনে আবেদনের ঠিকানা: dss.bhata.gov.bd/online-application
আবেদনের শেষ সময় ৩১ আগস্ট ২০২৬। তাই শেষ মুহূর্তের জটিলতা এড়াতে যোগ্য আবেদনকারীদের সময় থাকতেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ