‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, পুলিশ, রাজনৈতিক ও মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মৎস্য খাতে স্বনির্ভরতার ওপর গুরুত্বারোপ করেন। পরে সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। রেণু ও পোনা উৎপাদনে অবদানের জন্য রূপালী মৎস্য খামার ও হ্যাচারির মো. আমির হোসেন খান, মৎস্য খাদ্য উৎপাদনে অবদানের জন্য কাজী ফার্ম এবং উন্মুক্ত জলাশয়ে মৎস্যসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় অবদানের জন্য পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) সম্মাননা পায়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ