ভোলার ভেদুরিয়া ইউনিয়নের 'সমবায় সমিতির এস আর ও এস বি এস এর নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠেছে। নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে পুনঃযাচাই ও সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন একাধিক প্রার্থী। এ নিয়ে জেলা সমবায় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
গত ৪ জুলাই ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সমিতির নির্বাচন। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিসহ বেশ কয়েকটি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচন ঘিরে উঠেছে জালিয়াতির নানা অভিযোগ। অভিযোগে বলা হয় ভোটার তালিকায় নাম না থাকা সত্ত্বেও একাধিক ব্যক্তি ভোট দিয়েছেন। সেই সাথে প্রায় ৩ শতাধিক জাল ভোট এবং মৃত ব্যক্তিরাও ভোট দেওয়ার মারাত্মক অভিযোগ এনেছেন প্রার্থীরা।
অভিযোগকারীদের দলে রয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলাউদ্দিন ঢালী ও বিল্লাল মেম্বার, সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন ও নূরনবী এবং সহ-সভাপতি প্রার্থী আব্দুর রহিম গাজীসহ বেশ কয়েকজন প্রার্থী। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা সমবায় কার্যালয় শুনানির দিন ধার্য করলেও, তদন্তের স্বার্থে অতিরিক্ত সময় চেয়েছেন কর্মকর্তা।
এ সকল অভিযোগ মিথ্যা এবং বানোয়াট বলে দাবী করেন আব্দুর রশিদ মাষ্টার, এবং নির্বাচন কমিটির সভাপতি মিজানুর রহমান।
এ বিষয়ে জেলা সমবায় কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ভোট সুস্থ ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। তাদের অভিযোগ সঠিক নয়।
ভোটের সঠিক ফলাফল এবং সাধারণ সদস্যদের ভোটাধিকার সুরক্ষায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন প্রার্থীরা। তবে পুরো ঘটনার আসল সত্যতা জানতে সমবায় দপ্তরের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন সবাই।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ