গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রেললাইনে গিয়ে ঘুমানোর সময় ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন সংলগ্ন রেললাইনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকেরা হলেন কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।
রাজবাড়ি রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই রাতে এলাকায় তীব্র তাপদাহের মধ্যে বারবার লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে ওই দুই যুবক ঘর থেকে বের হয়ে মহেশপুর রেলস্টেশনের কাছে নির্জন রেললাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন।
তিনি জানান, ক্লান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় তাঁরা ট্রেনের আসার শব্দ বুঝতে পারেননি। হঠাৎ খুলনাগামী আন্তঃনগর ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছালে ঘুমন্ত দুই যুবকের উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে ওসি জানান।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ