মোঃ রাফসান জানি :
ভোলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভুল রক্ত প্রয়োগের অভিযোগে রোগীর মৃত্যু ও গুরুতর জটিলতার ঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকদের মতে, রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল কিংবা রক্ত দেওয়ার আগে সঠিকভাবে ক্রস-ম্যাচিং না করাই এ ধরনের ঘটনার অন্যতম কারণ হতে পারে।
সিভিল সার্জন ডা মুহাম্মাদ মনিরুল ইসলাম জানান, শুধু রক্তের গ্রুপ মিললেই রোগীকে রক্ত দেওয়া নিরাপদ নয়। রক্ত দেওয়ার আগে রোগীর প্রয়োজন নির্ধারণ, রক্তের গ্রুপ পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবডি পরীক্ষা এবং সঠিক ক্রস-ম্যাচিং করা জরুরি। একই সঙ্গে দাতার রক্তে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি ও সিফিলিসসহ সংক্রমণের পরীক্ষা করাও প্রয়োজন।
সাধারণত স্থিতিশীল প্রাপ্তবয়স্ক রোগীর হিমোগ্লোবিন ৭%-এর নিচে হলে রক্ত সঞ্চালনের বিষয়টি বিবেচনা করা হয়। তবে রোগীর শারীরিক অবস্থা, রক্তক্ষরণ, জটিল অস্ত্রোপচার, প্রসবকালীন রক্তক্ষরণ, থ্যালাসেমিয়া বা ক্যান্সারসহ বিভিন্ন পরিস্থিতিতে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন।
চিকিৎসকদের পরামর্শ, পরিচিত ব্যক্তি বা কাছ থেকে রক্ত পাওয়া গেলেও প্রয়োজনীয় পরীক্ষা ছাড়া তা রোগীর শরীরে দেওয়া উচিত নয়। সঠিক নিয়মে পরীক্ষা ও ক্রস-ম্যাচিং নিশ্চিত না করে রক্ত দিলে মারাত্মক প্রতিক্রিয়া এমনকি রোগীর মৃত্যুও হতে পারে
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ