ছোটন সাহা, ভোলা:
শিক্ষার আধুনিকীকরণের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দীন।
রোববার সকালে কলেজের সমাজকর্ম বিভাগের আয়োজনে ‘শিক্ষার আধুনিকীকরণ ও মনোসামাজিক সমস্যা বিশ্লেষণ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
অধ্যক্ষ বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু অবকাঠামো, প্রযুক্তি ও ইন্টারনেট সুবিধা নিশ্চিত করলেই হবে না। শিক্ষার্থীদের মানসিক সক্ষমতা, আত্মবিশ্বাস, চিন্তাশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে।
সেমিনারে আরও বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবদুল হালিম, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান, বিভাগীয় প্রধান এ এ এম হারুনুর রশিদ ও প্রভাষক মো. কাউসার হামিদ।
এতে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মাইমুনা আক্তার, নুসরাত জাহান অর্পিতা ও জান্নাতুল ফেরদৌস আখি বক্তব্য দেন। তারা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মনোসামাজিক সমস্যা মোকাবিলায় বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সেমিনারে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনায় উঠে আসে।
সমাজকর্ম বিভাগের আয়োজনে প্রতি বছর শিক্ষার মানোন্নয়ন নিয়ে এ ধরনের সেমিনার অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দীন বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ