ভোলা সদর উপজেলার চরজংলা এলাকায় বসতবাড়িতে প্রবেশ করে মারধর ও জোরপূর্বক চাঁদাবাজির ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) পুলিশের বিশেষ অভিযানে এই চার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই সকালে ভোলা পৌরসভার ভোকেশনাল রোড এলাকায় ব্যবসায়ী ফজলে রাব্বিকে মারধর করে মোবাইল ফোন ভাঙচুর এবং চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। পরবর্তীতে তার বাবা আবদুল জলিল মিয়ার চরজংলার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় তারা জোরপূর্বক ১৯ হাজার টাকা আদায় করে নিয়ে যায়। একই দিন রাতে আবারও ওই বাড়িতে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে পুনরায় চাঁদা দাবি করার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী আবদুল জলিল মিয়া বাদী হয়ে ১৭ জুলাই ভোলা সদর মডেল থানায় একটি চাঁদাবাজি ও মারধরের মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চার আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ফাহাদ হোসেন রূপক (৩৩), মো. আব্দুল্লাহ (১৯), দিগন্ত চন্দ্র ঘোষ ওরফে শুভ (২৪) এবং নাদিমুল মাওলা ওরফে নাদিম (১৯)।
ভোলা সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ