দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতি, প্রাণহানি এবং জনজীবনের ব্যাপক দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে দক্ষিণাঞ্চলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত জুলাই পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত নির্ধারিত সব কর্মসূচি আপাতত অনুষ্ঠিত হবে না।
মঙ্গলবার (১৪ জুলাই) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনসিপি জানায়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যায় সৃষ্ট মানবিক সংকটের প্রেক্ষাপটে দলটি এই সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি ও মানবিক দায়িত্ববোধ থেকে দক্ষিণাঞ্চলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
স্থগিত হওয়া কর্মসূচির মধ্যে রয়েছে ফরিদপুরের নগরকান্দা ও সদর, মাদারীপুর সদর, ভোলা সদর, বরিশালের বাবুগঞ্জ, বরগুনার আমতলী এবং পটুয়াখালীর সদর উপজেলার পদযাত্রা।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত হওয়া এসব কর্মসূচি পরবর্তী সময়ে সমন্বয় করে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। সংশোধিত সময়সূচি পরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এদিকে, আগামী ১৯ জুলাই থেকে দক্ষিণাঞ্চলের পূর্বনির্ধারিত পদযাত্রা পুনরায় শুরু হবে। ওই দিন বিকেল ৩টায় ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলা শহরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, উত্তরাঞ্চলের কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ১৫ জুলাই বিকেল ৩টায় বগুড়ার মোকামতলা উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় জয়পুরহাট সদর উপজেলায় এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ