আরিফুর ইসলাম রিয়াজ :
ভোলার চরফ্যাশন উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত এবং নরমাল ডেলিভারি কার্যক্রমকে আরও উৎসাহিত করতে জরুরি ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘সেবার আলো ঘরে ঘরে, নিরাপদ প্রসব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করতে এবং গর্ভবতী নারীদের হাসপাতাল বা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারিতে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। এতে মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি কমানোর পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবার মানও উন্নত হবে।
বক্তারা আরও বলেন, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সেবার মান বজায় রেখে কাজ করার বিকল্প নেই। এ লক্ষ্যে সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ