লালমোহন প্রতিনিধি :
ভোলা জেলার বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনী ও সন্ত্রাসী বাহিনী দ্বারা সিএনজি চালকগণের উপর প্রতিনিয়িত নির্যাতন গাড়ী ভাংচুর করাসহ গাড়ী থেকে যাত্রী নামিয়ে নেওয়ার প্রতিবাদে লালমোহনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন উপজেলা সিএনজি মালিক শ্রমিক সম্মলিত পরিষদের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় লালমোহন থানার মোড়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা চলাকালীন হঠাৎ নামল ঝুম বৃষ্টি। বৃষ্টির মধ্যে প্রতিবাদ সভায় মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয় পুরো থানার মোড় এলাকা। সিএনজির মালিক শ্রমিকগণ সবাই কাকভেজা হয়েই তাদের শ্লোগান ও সমাবেশ চালিয়ে গেল। তাদের ভাষ্য এটা আমাদের ন্যায্য দাবী। ন্যায্য দাবী আদায়ে বৃষ্টিসহ সকল রকম প্রতিকুল আবহাওয়ার মধ্যেও আমদের আন্দোলন চলমান থাকবে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিএনজি মালিক শ্রমিক সম্মলিত পরিষদের সভাপতি মো. শাহীন, পৌরসভা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন।
এসময় বক্তারা বলেন, ভোলা জেলা বাস মালিক সমিতি সবসময় সিএনজি চালকদের সাথে বর্বরতা আচরণ করছে। তারা ভোলা বাসষ্টান্ডে সন্ত্রাসী বাহিনী গঠন করে সিএনজিতে উঠা যাত্রীদের সাথে খারাপ আচরণ করে যাত্রী নামিয়ে নিচ্ছে। সিএনজি ড্রাইভারদেরকে মারধর করছে। বাসের ড্রাইভারগণ রাস্তায় সিএনজিকে ইচ্ছে করে ধাক্কা মারছে। এতে কয়েকজন সিএনজি ড্রাইভার আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। সিএনজিতে পাঁচজন যাত্রীর বদলে তিনজন যাত্রী নিতে বাধ্য করা হচ্ছে। আমরা এর থেকে পরিত্রান চাই। সরকার সিএনজিকে লাইসেন্স দিয়েছে। আমরা স্বাধীনভাবে সিএনজি চালাতে চাই। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে বাচঁতে চাই। কাজ করে খাওয়া আমাদের ন্যায্য অধিকার, আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে বাচঁতে চাই।
তারা আরো বলেন, আমরা ইতোমধ্যে ভোলা জেলা প্রশাসক বরাবর সমস্যা সমাধানের জন্য স্মারকলিপি প্রদান করেছি। বক্তারা হুশিয়ার দিয়ে বলেন, আগামী ৩ দিনের মধ্যে যদি আমাদের দাবী মেনে নেওয়া না হয় তাহলে হরতালসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। প্রতিবাদ সভায় লালমোহন উপজেলার সিএনজির মালিক ও শ্রমিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ