চরফ্যাশন প্রতিনিধি :
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, উদ্যোক্তা ও ক্ষুদ্র ঋণ বিতরণ এবং বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। এতে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন টিপু, কয়ছর আহমেদ কমল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ ভূঁইয়া, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং পল্লী অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে তিনজন উদ্যোক্তার মধ্যে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা উদ্যোক্তা ঋণ এবং ১৪ জন সদস্যের মধ্যে মোট ৪ লাখ ২০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করেন অতিথিরা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ