বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়া ও উত্তাল নদীর কারণে সাময়িকভাবে বন্ধ থাকা ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর রোববার (৫ জুলাই) রাত ৮টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যায় দোয়েল পাখি-৮ নামের একটি লঞ্চ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, দুর্ঘটনা এড়াতে রোববার বিকেল ৪টা থেকে ভোলার বিভিন্ন নৌপথে যাত্রীবাহী ছোট ও বড় লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
যেসব নৌরুটে চলাচল বন্ধ ছিল, সেগুলোর মধ্যে রয়েছে ইলিশা–ঢাকা, খেয়াঘাট–ঢাকা, ইলিশা–লক্ষ্মীপুর, দৌলতখান–আলেকজান্ডার, ঘোষেরহাট–ঢাকা, বোরহানউদ্দিন–ঢাকা, চরফ্যাশন–ঢাকা, হাতিয়া–ঢাকা, চরফ্যাশন–হাতিয়া, মনপুরা–ঢাকা এবং তজুমদ্দিন–মনপুরা রুটসহ ভোলার অন্যান্য অভ্যন্তরীণ নৌপথ।
বিআইডব্লিউটিএ ভোলা নদীবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম বলেন, বৈরী আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় নদীর অবস্থা আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে। তাই চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ইলিশা লঞ্চঘাট থেকে প্রথম লঞ্চ হিসেবে দোয়েল পাখি-৮ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
এদিকে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাটে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ