স্টাফ রিপোর্টার :
ভোলা সদরে নারীদের প্রজনন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে নারীদের স্বাস্থ্য সচেতনতা, প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণের গুরুত্ব, মানসিক সুস্থতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. মু. মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
বৈঠকে অংশগ্রহণকারী নারীদের উদ্দেশে বক্তারা বলেন, সুস্থ পরিবার ও সমাজ গঠনে নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সময়মতো স্বাস্থ্যসেবা গ্রহণ এবং মানসিক সমস্যাকে অবহেলা না করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় অংশগ্রহণকারী নারীরা স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোর উত্তর দেন এবং সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, সরকারি সেবার মানোন্নয়ন ও নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ধরনের উঠান বৈঠক স্থানীয় পর্যায়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ