লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোলারের ব্যাটারী চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার রাতে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের পশ্চিম সৈয়দাবাদ মাওলানা সৈয়দ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সোমবার রাতে একই ইউনিয়নের দক্ষিণ পশ্চিম অন্নদা প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাটারী নিয়ে যায় চোরচক্র।
পশ্চিম সৈয়দাবাদ মাওলানা সৈয়দ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুল্যাহ জানান, মঙ্গলবার রাতে বিদ্যালয়ের প্রধান কলাপসিবল গেটের তালা ভেঙ্গে চোর চক্র ভিতরে প্রবেশ করে সোলারের ১২টি ব্যাটারী চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে লালমোহন থানায় লিখিত অভিযোগ করেন তিনি। দক্ষিণ পশ্চিম অন্নদা প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর চন্দ্র দাস বলেন, সোমবার রাতে বিদ্যালয়ের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে সোলারের ব্যাটারী নিয়ে যায় চোর চক্র। এর আগে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক বিদ্যালয়ের সোলারের ব্যাটারী চুরির ঘটনা ঘটেছে।
এসব সোলার ও ব্যাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়ন প্রকল্প থেকে বরাদ্দ প্রদান করা হয়। যা বিদ্যালয়ে ইন্টারনেট চালু, অনলাইন হাজিরা, বৈদ্যুতিক বাতি ও ফ্যান চালুর জন্য দেয়া হয়েছে। এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে মঙ্গল সিকদার পুলিশ ফাড়ির ইনচার্জ এরশাদ উকিলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া স্কুলের রাত্রিকালীন নিরাপত্তার জন্য সতর্ক থাকতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ