স্টাফ রিপোর্টার :
ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে মেসটির ফলক উন্মোচন করে উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। উদ্বোধন শেষে নতুনভাবে সংস্কার ও আধুনিকায়ন করা মেসে জেলা পুলিশের উদ্যোগে একটি প্রীতিভোজ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ লাইন্সের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, পুলিশ সদস্যরা রোদ, বৃষ্টি ও নানা প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন করেন। তাদের কর্মপরিবেশ ও সার্বিক কল্যাণের বিষয়টি বিবেচনায় রেখে মেসটি সংস্কার ও আধুনিকায়নের পাশাপাশি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে।
তিনি বলেন, পুলিশ সদস্যদের কেবল অধস্তন কর্মচারী হিসেবে নয়, বরং সহকর্মী ও মানুষ হিসেবে মূল্যায়ন করেই তাদের জন্য উন্নত ও মানসম্মত খাবার গ্রহণের পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি মেসের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় রাখার দায়িত্ব সংশ্লিষ্ট সদস্যদেরই নিতে হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সদস্যদের কল্যাণ, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের পরিবেশ এবং কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ