ভোলার মনপুরায় ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মনোয়ারা বেগম (৪৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের অহিদ মেম্বারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা বেগম উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকার বাসিন্দা সিরাজের স্ত্রী। সোমবার সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ছেলের বিয়ের জন্য সম্ভাব্য কনের বাড়িতে মেয়ে দেখতে যাচ্ছিলেন মনোয়ারা বেগম। পথে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মনজিল মোরশেদ বলেন, দুর্ঘটনায় আহত ওই গৃহবধূকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ