ভোলার চরফ্যাশনে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে ফিলিপাইন ব্ল্যাক আখের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। চরাঞ্চলে নতুন জাতের আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে এবং আধুনিক কৃষি পদ্ধতি জনপ্রিয় করতে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকালে “২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় উপজেলা কৃষি অফিস, চরফ্যাশনের উদ্যোগে চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ ড. শামীম আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা।
মাঠ দিবসে স্থানীয় কৃষক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশ নেন। এ সময় কৃষকদের সামনে ফিলিপাইন ব্ল্যাক আখের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল এবং বাজার সম্ভাবনা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, চরাঞ্চলের লবণাক্ততা ও প্রতিকূল পরিবেশে সহনশীল আধুনিক জাতের আখ চাষ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদন ব্যয় কমবে এবং কৃষি আরও লাভজনক হবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে-কলমে ফিলিপাইন ব্ল্যাক আখ চাষের ব্যবহারিক দিক, পরিচর্যা ও ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ