স্টাফ রিপোর্টার :
ভোলা জেলা শাখার ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের ৫০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. মাইনউদ্দিন (মহিন) আহ্বায়ক এবং মো. রাকিব সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ২০ জুন কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ‘আমরা জুলাই যোদ্ধা’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি ভোলা জেলা শাখার কমিটির অনুমোদন প্রদান করে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মো. আল মিরাজের স্বাক্ষরিত অনুমোদনপত্র দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজ জেলা কমিটির নেতাদের কাছে হস্তান্তর করেন।
কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জসিম উদ্দিন। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এমারন হোসেন, গোলাম মাওলা লিখন, রিপন রনি, হাসনাইন, সাইফুল ইসলাম সাকিল, হাবিব, ইসমাইল, রবিন হোসেন, আবুল খায়ের, মাছুমসহ আরও কয়েকজনকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন মো. ইসমাইল। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবায়ের হোসেন (ইয়ামিন), সালমান হোসেন, মাহাবুব আলম, কলিমউল্লাহ, নাহিদ ফরাজী, আল আমিন, আলী আজগর, কবির হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা বলেন, ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের লক্ষ্য হলো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার রক্ষা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং আহত জুলাই যোদ্ধাদের কল্যাণে কাজ করা। পাশাপাশি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সামাজিক, মানবিক ও গণতান্ত্রিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোলা জেলার চারটি সংসদীয় আসনের নির্বাচিত সংসদ সদস্য, স্থানীয় বিশিষ্টজন এবং রাজনৈতিক নেতাদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ (বীর বিক্রম), ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, হাফিজ ইব্রাহিম, নুরুল ইসলাম নয়ন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন মামুন, জেলা প্রশাসক গোলাম নবী আলমগীর, বিএনপি নেতা হায়দার আলী লেলিন এবং ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমকে। নবগঠিত কমিটির নেতারা জানান, সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা ভোলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করবেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ