স্টাফ রিপোর্টার :
ভোলার সদর উপজেলার ৯নং চরমাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এক বিশাল গণসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সমাজসেবক জামাল মোল্লার উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ২নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তসিলদার বাড়ির সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ, যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
উক্ত র্যালিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চরসামাইয়া ইউনিয়ন বিজেপির সাধারণ সম্পাদক মামুন মুন্সি। তিনি তার বক্তব্যে বলেন, মাদক একটি সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তরুণ সমাজকে এই মরণব্যাধি থেকে রক্ষা করতে হলে কেবল প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না, আমাদের প্রত্যেক পরিবার এবং সমাজকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন,৯নং চরমাইয়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। যুবসমাজকে মাদকের হাত থেকে ফিরিয়ে খেলার মাঠ ও শিক্ষামুখী করতে জামাল মোল্লার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়।
আয়োজক জামাল মোল্লা তার সমাপনী বক্তব্যে র্যালিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং আগামীদিনেও মাদক নির্মূলে এই ধরণের সামাজিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ