স্টাফ রিপোর্টার :
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর এলাকায় গাছে ঝু”লন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি হলেন হাবিবুল্লাহ (৬০), তিনি তজুমদ্দিন উপজেলার আলমগীর মাস্টার বাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ জুন রাত প্রায় ৯টার দিকে হাবিবুল্লাহ তার ভাগ্নে মো. শাহিনের বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। পরদিন ভোরে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পেছনের ডোবার পাশে একটি কড়ই গাছের সঙ্গে সুপারি গাছের খোল ব্যবহার করে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
পরিবারের দাবি, রাত ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ