ভোলা সরকারি মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বার্ষিক মিলাদ কমিটির আয়োজনে ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন। অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. কাওসার হামিদ, রসায়ন বিভাগের প্রভাষক ফারজানা কাকন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহিম শামীম, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল মান্নান এবং অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আ. আ. মো. হারুনুর রশীদ, সহকারী অধ্যাপক মাহবুব আলম, প্রভাষক রাছেল তালুকদার, গ্রন্থাগারিক মো. বিল্লাল হোসেনসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
বক্তারা পরীক্ষার্থী ছাত্রীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান এবং আসন্ন পরীক্ষায় সাফল্যের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদেরকে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে। পাশাপাশি কলেজের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষে এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ