জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ভোলায় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, আগামী ১৯ জুন ২০২৬ (শুক্রবার) সকাল ৯টায় ভোলা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে। ভোলা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।
আয়োজকরা জানান, প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে— আবৃত্তি, নজরুল সংগীত ও নৃত্য। প্রতিটি প্রতিযোগিতা ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিনটি শ্রেণিভিত্তিক বিভাগে আয়োজন করা হবে। এর মধ্যে ‘ক’ বিভাগে ১ম থেকে ৪র্থ শ্রেণি, ‘খ’ বিভাগে ৫ম থেকে ৮ম শ্রেণি এবং ‘গ’ বিভাগে ৯ম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।
আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কাজী নজরুল ইসলাম রচিত যে কোনো কবিতা আবৃত্তি করতে হবে। নজরুল সংগীত বিভাগে পরিবেশন করতে হবে কাজী নজরুল ইসলামের রচিত যে কোনো গান। নৃত্য বিভাগে অংশগ্রহণকারীদের নজরুলের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করতে হবে।
জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ভোলা জেলার আগ্রহী শিক্ষার্থী ও প্রতিযোগীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাও কামনা করা হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ