ডিজিটাল সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ে সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ভোলায় সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ সওকাত হোসেন, প্রশিক্ষণ সমন্বয়কারী মিনহাজ উদ্দিন নিপুন এবং ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সংবাদমাধ্যমে তথ্য যাচাই ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট মোকাবিলায় সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিং দক্ষতা অপরিহার্য।
তাঁরা আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মাল্টিমিডিয়া প্রযুক্তির সঠিক ও নৈতিক ব্যবহার সংবাদ পরিবেশনকে আরও গতিশীল, আকর্ষণীয় ও কার্যকর করে তুলতে পারে। তবে প্রযুক্তির ব্যবহার যেন সাংবাদিকতার মৌলিক নীতি—সত্যতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতাকে ক্ষুণ্ন না করে, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ভোলা জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের কৌশল, মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ এবং সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
আয়োজকদের আশা, এ প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ