নতুন হিজরি বছরকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে মুসলিম বিশ্ব। এ উপলক্ষে ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফে চলছে বিশেষ প্রস্তুতি। আজ সোমবার (১৫ জুন) রাতেই নতুন গিলাফে সজ্জিত হবে পবিত্র কাবা। বহু শতাব্দীর ঐতিহ্য অনুযায়ী নতুন হিজরি বছর উপলক্ষে সম্পন্ন হবে কাবা শরিফের কিসওয়া (গিলাফ) পরিবর্তনের আনুষ্ঠানিকতা।
খাঁটি প্রাকৃতিক রেশম, সোনালি ও রুপালি সূচিকর্মে তৈরি নতুন কিসওয়ায় আচ্ছাদিত করা হবে কাবা শরিফ। সৌদি আরবের বিশেষজ্ঞদের কয়েক মাসের শ্রম, আধুনিক প্রযুক্তি ও নিখুঁত কারিগরি দক্ষতার সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে এ গিলাফ। হিজরি বর্ষের প্রথম দিন অর্থাৎ ১ মুহাররম থেকে নতুন রূপে সজ্জিত থাকবে কাবা শরিফ।
সারা বিশ্বের মুসলমানরা যখন নতুন হিজরি বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন, তখন কাবা শরিফেও নেওয়া হয়েছে নতুন কিসওয়া পরানোর প্রস্তুতি। প্রতি বছর নির্ধারিত সময় অনুযায়ী পবিত্র এই স্থানে কিসওয়া পরিবর্তনের ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছে।
জানা গেছে, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ১ মুহাররম ১৪৪৮ হিজরি সৌদি আরবে মঙ্গলবার (১৬ জুন) শুরু হওয়ার কথা। সে হিসেবে সোমবার (১৫ জুন) রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যেই কাবা শরিফে নতুন কিসওয়া পরানোর কাজ সম্পন্ন হবে।
সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, কিসওয়া তৈরির কাজ কয়েক মাস আগেই শুরু হয় কিং আবদুল আজিজ কমপ্লেক্সে। সেখানে বিশেষজ্ঞ কারিগররা খাঁটি প্রাকৃতিক রেশম ব্যবহার করে কিসওয়া তৈরি করেন। পরে সোনালি ও রুপালি প্রলেপযুক্ত সুতা দিয়ে তাতে পবিত্র কোরআনের আয়াত ও নান্দনিক নকশা সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।
কাবা শরিফের কিসওয়া পরিবর্তনের এই প্রক্রিয়া একদিকে যেমন মসজিদুল হারামের প্রতি সৌদি আরবের দায়িত্বশীলতা ও পরিচর্যার প্রতিফলন, অন্যদিকে এটি ইসলামী ঐতিহ্য ও সূক্ষ্ম কারুশিল্পের এক অনন্য নিদর্শন হিসেবেও বিবেচিত হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ