স্টাফ রিপোর্টার ॥
ভোলা জেলা প্রশাসন এবং উপকূলীয় বন বিভাগ, ভোলা-এর যৌথ আয়োজনে ‘৫ বছরে ২৬ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে সার্কিট হাউজ প্রাঙ্গনে গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
এ সময় উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: আরিফুল হক বেলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব আমিনুল ইসলাম খান, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনুসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং উপকূলীয় বন বিভাগের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ঝুঁকি মোকাবেলা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ, সুন্দর ও নিরাপদ জেলা উপহার দিতে এই সুবিশাল বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত যুগান্তকারী ভূমিকা পালন করবে। একটি সবুজ ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে আসুন আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং তার সঠিক পরিচর্যা করি। আপনার রোপণ করা একটি গাছই হতে পারে আগামী দিনের সুন্দর ও সুস্থ পৃথিবীর ভিত্তি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ